
চাল বেচে টাকা আত্মসাত, জালে দুইজন
প্রতিবেদক: মোঃ আসাদুজ্জামান, স্টাফ রিপোর্টার
রাজশাহীর পুঠিয়ায় চাল সরবরাহের নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইসরাত জাহান ময়না ও মাসুদ নামে দুইজনের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. আখতার ফারুক পুঠিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আখতার ফারুক “রূপসী বাংলা গ্রুপ”-এর পক্ষ থেকে বিপুল পরিমাণ চাল সরবরাহ করেন। কিন্তু সরবরাহকৃত পণ্যের বিপরীতে প্রায় ৭ লক্ষাধিক টাকার অর্থ তিনি পাননি।
অভিযোগে উল্লেখ আছে, ইসরাত জাহান ময়নার নির্দেশে মাসুদ নামের এক ব্যক্তি আখতার ফারুকের ট্রাক থেকে চাল নামিয়ে বিভিন্ন দোকানে সরবরাহ করেন। কিন্তু দোকানগুলো থেকে চালের টাকা সংগ্রহ করে ওই দুজন নিজেরাই আত্মসাৎ করেন এবং পরে টাকা দেওয়ার ব্যাপারে তালবাহানা শুরু করেন।
স্থানীয় দোকানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব দোকানে চাল সরবরাহ করা হয়েছিল, সেসব দোকান থেকে পুরো টাকা ইসরাত ও মাসুদ নিজেরাই নিয়েছেন। ফলে ব্যবসায়ী আখতার ফারুক এক টাকাও পাননি।
অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মাজেদ বলেন,
“ঘটনাটি তদন্তাধীন রয়েছে। উভয় পক্ষের বক্তব্য নেওয়া হচ্ছে। প্রমাণ সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান,
“অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রয়োজনে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে।”
ভুক্তভোগী আখতার ফারুক বলেন,
“আমি পরিশ্রম করে চাল সরবরাহ করেছি, কিন্তু এখন পর্যন্ত টাকা পাইনি। অভিযুক্তরা বারবার অজুহাত দিচ্ছে। আমি প্রশাসনের কাছে ন্যায্য বিচার চাই।”
এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, চাল বাণিজ্যের নামে এই ধরনের প্রতারণা রোধে প্রশাসনের কঠোর নজরদারি জরুরি।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।