
কুষ্টিয়ায় নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
প্রতিবেদক: হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে নিজ ঘর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সুমি আক্তার (২৬)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) ভোরে মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।
সুমি আক্তার আমবাড়িয়া গ্রামের কৃষক গোলাপ রহমানের মেয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের কলা অনুষদের সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। শরীরের হাড় দ্রুত ক্ষয় হওয়া এবং একাধিক অস্ত্রোপচারের পরও শারীরিক উন্নতি না হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে বিরল রোগ ফাইব্রাস ডিসপ্লাসিয়া-তে ভুগছিলেন।
পুলিশ ও পরিবার জানায়, দেড় মাস আগে তিনি ঢাকার চিকিৎসা শেষে বাড়িতে ফিরে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। তীব্র ব্যথা, চলাফেরায় সীমাবদ্ধতা ও শারীরিক দুর্বলতার কারণে তিনি মানসিকভাবে প্রচণ্ড চাপে ছিলেন।
মাজিহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুজ্জামান জানান, রাত ৩টা পর্যন্ত পড়াশোনা করার পর ভোরে মা ডাকতে গেলে দরজা বন্ধ পান। পরে দেখা যায়, সুমি ঘরের আড়ার সঙ্গে ঝুলছিলেন।
সুমির ছোট খালা মোছা কাঞ্চনী বলেন, সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চিকিৎসার রিপোর্ট যাচাই করে এবং বাবাকে দাফনের প্রস্তুতি নিতে পরামর্শ দেয়।
ওসি মমিনুল ইসলাম বলেন, “মেয়েটি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। সহপাঠী ও গ্রামের মানুষের সহায়তায় তার চিকিৎসা চলছিল। ভোরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যাওয়ার পর পুলিশে খবর দেয়া হয়। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।”
ঘটনায় অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।