
নাটোরের বড়াইগ্রামের উত্তরপাড়ায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও জনসভা অনুষ্ঠিত
প্রতিবেদক: মোঃ আলমগীর কবির, নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার উত্তরপাড়া ৪ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর উদ্যোগে এক নির্বাচনী প্রচারণা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় নেতা–কর্মী ও বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নাটোর–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম. শরিফুল হক মুক্তা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মোঃ আশরাফ আলী, সাবেক চেয়ারম্যান মোঃ ইসাহাক আলী, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সিনিয়র সভাপতি মোঃ বেলাল হোসেন, সাবেক পৌর সাংগঠনিক সম্পাদক মোস্তায়েদুল হক বুলু এবং ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক কমিশনার ও সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সাত্তার খান।
সভায় প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ বলেন, “তারেক রহমানের নেতৃত্বে গণমানুষের ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি এবং শহীদ আবু সাঈদের পরিবারের ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে।” এছাড়া তিনি বড়াইগ্রামকে পৃথক উপজেলা করার দাবি এবং এলাকার উন্নয়ন ইস্যু নিয়ে কথা বলেন।
প্রধান বক্তা এ্যাডভোকেট এম. শরিফুল হক মুক্তা বলেন, “বড়াইগ্রাম ও গুরুদাসপুরের সার্বিক উন্নয়নের জন্য বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতেই হবে।”
অধ্যক্ষ মোঃ আশরাফ আলী বলেন, “গত ১৭ বছরে সরকারের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ। বিএনপি ক্ষমতায় এলে জনগণের কষ্ট লাঘব এবং সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনা হবে।”
সভায় বক্তব্য দিতে গিয়ে সাবেক সভাপতি মোঃ বেলাল হোসেন স্থানীয়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী ভোটারদের কাছে ভোট চাওয়ার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।