
যুক্তরাষ্ট্রে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত
প্রতিবেদক: আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে মার্কিন নৌবাহিনীর একটি এফ-৩৫সি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন বলে মার্কিন নৌবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। খবর সিএনএন।
বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলটি ফ্রেসনো শহর থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে সমতল কৃষিজমি। ঘটনাস্থল থেকে আগুন ও ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে বলে স্থানীয় গণমাধ্যম কেএফএসএন-এর ভিডিও ফুটেজে দেখা গেছে।
ফ্রেসনো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, স্থানীয় একটি ইএমএস ক্রু ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাইলটকে সহায়তা করে।
বিধ্বস্ত বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫-এর ছিল, যা ‘রাফ রেইডার্স’ নামে পরিচিত। এই স্কোয়াড্রন পাইলট ও বিমান ক্রুদের প্রশিক্ষণ দিয়ে থাকে।
এফ-৩৫সি হল এফ-৩৫ লাইটেনিং ২-এর তিনটি ভ্যারিয়েন্টের একটি, যা মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি। দুর্ঘটনার শিকার বিমানটির দাম প্রায় ১০০ মিলিয়ন ডলার।
মার্কিন নৌবাহিনী জানিয়েছে, বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
উল্লেখ্য, চলতি বছর এটি যুক্তরাষ্ট্রে দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান দুর্ঘটনা। এর আগে জানুয়ারিতে আলাস্কার আইলসন বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালে একটি এফ-৩৫এ বিধ্বস্ত হয়েছিল। সেবারও পাইলট নিরাপদে বেরিয়ে আসেন।
📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”