
রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত দুর্ঘটনায় রক্তদানে আহ্বান জানিয়েছেন তৌসিফ-মায়মান
সত্যকণ্ঠ বিনোদন ডেস্ক
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে এবং আহতদের অবস্থা সংকটাপন্ন। এই ক্রান্তিকালে রক্তদান জরুরি হওয়ায় অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী সাদিয়া আয়মান বিশেষ আহ্বান জানিয়েছেন।
সোমবার (২১ জুলাই) তৌসিফ মাহবুব তার ফেসবুকে লিখেছেন, “যারা উত্তরার আশেপাশে আছেন এবং রক্ত দিতে পারেন, অনুগ্রহ করে নিকটস্থ হাসপাতালে যান।” তিনি আরও জানিয়েছেন, তাদের নাটক ‘বেশি বলে বুলবুলি’ আজ প্রকাশের কথা থাকলেও শোকের কারণে তা স্থগিত করা হয়েছে এবং নতুন প্রকাশের তারিখ শিগগিরই জানানো হবে। তিনি নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
অভিনেত্রী সাদিয়া আয়মান বলেন, “উত্তরার সব হাসপাতালে বার্ন রোগে আক্রান্ত বাচ্চারা আসছে, বেশির ভাগ ক্লাস ৬-৭ এর শিক্ষার্থী। লুবানা হাসপাতাল, ইবনে সিনা ও ক্রিসেন্ট হাসপাতালে প্রচুর রক্তের চাহিদা রয়েছে। আপনারা যেভাবে পারেন রক্তদানে এগিয়ে আসুন।”
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মাইলস্টোন স্কুলের এ বিমান বিধ্বস্ত দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”