
✍️ স্পোর্টস ডেস্ক | দৈনিক সত্যকণ্ঠ
একটি স্বপ্ন, একটি পতাকা, একটি লক্ষ্য—বাংলাদেশ জাতীয় দলে খেলা।
সেই স্বপ্ন বুকে নিয়ে বিশ্বের নানা প্রান্ত থেকে এসে ৪৮ জন প্রবাসী ফুটবলার অংশ নিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত তিন দিনের ট্রায়ালে। যা শুরু হয়েছে আজ শনিবার (২৮ জুন) থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
শুক্রবার বিকেলে স্টেডিয়ামে ছিল উৎসবমুখর পরিবেশ। কেউ সেলফিতে ব্যস্ত, কেউ ভিডিও করছেন স্টেডিয়ামের চারপাশ—সব মিলিয়ে লাল-সবুজে রঙিন হয়ে উঠেছিল স্টেডিয়াম চত্বর।
ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইতালি, ডেনমার্কসহ নানা দেশ থেকে আগত এই ফুটবলারদের মধ্যে ৪৩ জন এরইমধ্যে ঢাকায় পৌঁছেছেন। বাকি পাঁচজন দোহা হয়ে ঢাকার পথে রয়েছেন। ট্রায়াল চলবে শনিবার, রোববার ও সোমবার—তিন দিনব্যাপী সকাল ও বিকেল দুই ভাগে। অংশগ্রহণকারীদের অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩—দুই গ্রুপে ভাগ করা হয়েছে।
বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম জানান,
“ট্রায়াল মানেই জাতীয় দলে সুযোগ—তা নয়। তবে ফুটবলারদের পারফরম্যান্স ভিডিও ও তথ্য আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টে সংরক্ষিত থাকবে। জাতীয় দলের কোচদের প্রয়োজন অনুযায়ী তাদের ডাকা হতে পারে।”
ফাহাদ করিম আরও জানান,
“অনেকের পরিবার নিজের খরচে ছেলেদের বাংলাদেশে পাঠিয়েছে। তাদের ধন্যবাদ জানাই। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের প্রতি আস্থার জন্য কৃতজ্ঞতা জানাই।”
এই আয়োজনের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন ডেনমার্কপ্রবাসী সাকিব মাহমুদ, যিনি জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার বন্ধু। ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে আগত বেশিরভাগ ফুটবলারই এসেছেন সাকিবের মাধ্যমে। তবে কেউ কেউ সরাসরি বাফুফের সঙ্গেও যোগাযোগ করে ট্রায়ালে অংশ নিয়েছেন।
শুরুতে প্রাথমিকভাবে ৫২ জনের অংশগ্রহণ নির্ধারিত ছিল। তবে ইনজুরি ও ফ্লাইট জটিলতায় তা কমে দাঁড়িয়েছে ৪৮ জনে।
সাকিব বলেন,
“দুজন ইনজুরিতে, একজনের যাত্রা পেছাতে হয়েছে মধ্যপ্রাচ্যে ফ্লাইট সংকটে। পাঁচজন দোহা হয়ে এখন ঢাকার পথে।”
এই তিন দিনের ট্রায়াল যেন এক স্বপ্নের জানালা—যেখান থেকে একজন প্রবাসী তরুণ ভবিষ্যতে লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে পারেন। ফুটবলারদের চোখেমুখে সেই আশা, আত্মবিশ্বাস আর দায়িত্ববোধই ফুটে উঠেছে বারবার।
📌 দৈনিক সত্যকণ্ঠ
🕊️ “সত্য প্রকাশে আমরা সাহসী, আমরা সচেতন”