
জোড়া গোলের অভ্যাসে মেসি, সহজ জয়ে ইন্টার মিয়ামি
প্রতিবেদক: ক্রীড়া ডেস্ক, সত্যকণ্ঠ
জোড়া গোল করাটাকে যেন নিজের অভ্যাসেই পরিণত করেছেন লিওনেল মেসি। চলতি মৌসুমে অন্তত ১১ ম্যাচে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। আগের ম্যাচে হ্যাটট্রিকের পর এবার আবারও পুরোনো অভ্যাসে ফিরলেন তিনি। ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করে ইন্টার মিয়ামিকে এনে দিয়েছেন ৩-১ ব্যবধানের দাপুটে জয়।
মেজর লিগ সকারের চলতি মৌসুমে এটি মেসির ২৯তম গোল। আর সেই গোলেই নিশ্চিত হয় তার গোল্ডেন বুট। ম্যাচের আগে সেই ট্রফিটা তার হাতে তুলে দেওয়া হয়। আর মাঠে নামেই যেন প্রমাণ করলেন কেন এই পুরস্কার তার প্রাপ্য।
১৯ মিনিটে লুইস সুয়ারেজের ক্রসে দুর্দান্ত এক হেডে প্রথম গোল করেন মেসি। এরপর ডান দিক থেকে তার বাড়ানো বল থেকেই ইয়ান ফ্রেইয়ার ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন তাদেও আইয়েন্দে।
যোগ করা সময়ে মেসি পান তার ক্যারিয়ারের অন্যতম সহজ গোল। জর্দি আলবার ক্রসে গোলরক্ষকের ভুলে বল চলে আসে তার পায়ে, আর তিনি আলতো টোকার ছোঁয়ায় জালে জড়িয়ে দেন বল। এ নিয়ে মৌসুমে ১২তম বার জোড়া গোলের কীর্তি গড়লেন মেসি।
শেষ দিকে হানি মুখতারের গোলে ব্যবধান কমায় ন্যাশভিল, তবে তাতে ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। ৩-১ গোলের জয়ে এমএলএস প্লে অফের কনফারেন্স সেমিফাইনালের খুব কাছেই পৌঁছে গেছে ইন্টার মিয়ামি। সিরিজের বাকি দুই ম্যাচের যেকোনো একটিতে জিতলেই সেমিফাইনালে পা রাখবে দলটি।
তবে সতর্ক থাকতেই চায় মিয়ামি। গত মৌসুমেও প্রথম ম্যাচে জিতে বাকি দুই ম্যাচে হেরে ছিটকে গিয়েছিল তারা। এবার নিশ্চয়ই সেই ভুল পুনরাবৃত্তি করতে দিতে চান না মেসিরা।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে। ✅