
মনোহরগঞ্জে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার, এলাকায় উত্তেজনা
✍️স্টাফ রিপোর্টার: আলম চৌধুরী
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দিশাবন্দ গ্রামে পুকুর থেকে জামাল হোসেন (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দিশাবন্দ গ্রামের সারওয়ার মেম্বারের ছেলে। শনিবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে স্থানীয়রা মসজিদের পাশের পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে জামাল হোসেনের সঙ্গে একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সাকিব হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে জামাল ও সাকিব দুজনেই আহত হন। এ সময় জামালের ছেলে আলাউদ্দিন বাবাকে উদ্ধারে এগিয়ে গেলে তাকেও মারধর করে প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জামালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও তার ছেলে আলাউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রাখা হয়।
শনিবার দুপুরে জামাল হোসেনের লাশ পুকুরে ভেসে উঠলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কেউ বলছেন এটি পরিকল্পিত হত্যা, আবার কেউ ধারণা করছেন তিনি আত্মহত্যা করেছেন।
নিহতের ভাই অহিদুর রহমান বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।”
মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জামাল হোসেন
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”