
গাইবান্ধার বাদিয়াখালী বাজারে প্রবেশ সড়কে চরম দুর্ভোগ, নজর নেই কর্তৃপক্ষের
প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাদিয়াখালী বাজারে মুরগি হাটি থেকে কাঁচাবাজার হয়ে মসজিদ পর্যন্ত মেইন সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে পানি জমে কাদা হয়ে যায়। কোথাও কোথাও কাদার নিচে বড় বড় গর্ত তৈরি হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে। পচা কাদা থেকে দুর্গন্ধ ছড়িয়ে মশা-মাছিসহ নানা রোগবালাইয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এ সড়ক দিয়ে প্রতিদিন পণ্যবাহী ট্রাক, পিকআপ, সিএনজি, অটো ও ভ্যান চলাচল করে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে নিত্যপ্রয়োজনীয় কাজে এই সড়ক ব্যবহার করতে হয়। গর্তে পড়ে যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে।
এক শিক্ষার্থী জানান, “বিকল্প রাস্তা না থাকায় কষ্ট করে স্কুলে যেতে হয়। অনেক সময় কাদা পানিতে পড়ে জামাকাপড় নষ্ট হয়ে যায়, তখন স্কুলে না গিয়ে বাড়ি ফিরতে হয়।”
একজন হোমিওপ্যাথি চিকিৎসক বলেন, “গর্ভবতী নারী ও জরুরি রোগীরা এই পথে আসতে ভয় পান, কারণ গর্ত ও কাদাপানির কারণে যাতায়াত ঝুঁকিপূর্ণ।”
স্থানীয় ব্যবসায়ীরা জানান, “সড়কে বড় বড় গর্ত থাকায় পণ্য আনা-নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। গাড়ি চলতে চায় না, ভাড়াও বেশি দিতে হয়।” সড়কের এই দুরাবস্থার কারণে বাজারের বাণিজ্যিক কার্যক্রমেও প্রভাব পড়ছে।
এলাকাবাসী ও ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সড়ক সংস্কার কাজ শুরু না হলে তারা এই হাটে ব্যবসা বন্ধ করে কঠোর আন্দোলনে নামবেন।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”