
গাইবান্ধার ফুলছড়িতে অবৈধ ড্রেজার মেশিন জব্দ, গ্রেপ্তার ২
গাইবান্ধা প্রতিনিধি: মোঃ রেজারুল ইসলাম রেজা
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজন বালু ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন, একটি টিউবওয়েল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রুবায়েত।
বুধবার (৯ জুলাই) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্যাইংকার চর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার উপপরিদর্শক হীরক কুমার গোস্বামী।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার নিলকুঠি গ্রামের নজরুল ইসলামের ছেলে এনামুল হক (৩২) এবং মৃত মোজাম্মেল হকের ছেলে জাহাঙ্গীর (৩০)।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন দুটি পাইপ হেমার দিয়ে ভেঙে ফেলা হয় এবং পরে আগুন দিয়ে ধ্বংস করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, এ ঘটনায় ১৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুইজনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
🟢 “সত্য প্রকাশে আমরা সাহসী, আমরা সচেতন” — দৈনিক সত্যকণ্ঠ