
খুলনায় যুবদল নেতা কুপিয়ে হত্যা
প্রতিবেদক: মোহাম্মদ আব্দুল্লাহ, খুলনা জেলা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম মো. শামীম (৪৫)। তিনি তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে এবং তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য ছিলেন।
শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকার সৈয়দ ঈসা কলেজের পাশে তার ভাড়া বাসায় ঢুকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ের পেছনে কুপিয়ে তাকে হত্যা করে। সকালে পরিবারের সদস্যরা রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শামীম দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে ব্যবসা করতেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”