
🖋️ প্রতিবেদক: ঢাকা ব্যুরো | সত্যকণ্ঠ সংবাদ
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক জন নিহত হয়েছেন এবং অন্তত ১৩ জন দগ্ধ হয়েছেন।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, “আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছে।”
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনার শিকার হয়।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, বিমানটি স্কুলের একাডেমিক ভবনের গেটের সামনে আছড়ে পড়ে। তখন স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল।
দুর্ঘটনার পর ১৩ জনকে গুরুতর দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহত ব্যক্তির পরিচয়ও নিশ্চিত করা যায়নি।

বিমান বিধ্বস্তের ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ বিমানবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। এই দুর্ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িক যানচলাচল বন্ধ হয়ে যায়।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”